ভারত-মিয়ানমার সীমান্তে সেনা অভিযানে ১০ জনের প্রাণহানি।
ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলায় আসাম রাইফেলসের অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনীর পূর্ব কমান্ড। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে।
সেনাবাহিনীর পূর্ব কমান্ড এক্স হ্যান্ডেলে জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে কিছু সশস্ত্র ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের একটি দল এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজনরা গুলি ছোড়ে। জবাবে পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হয়।
পূর্ব কমান্ডের দাবিতে বলা হয়েছে, নিহতরা 'উগ্রপন্থি'। তবে নিহতদের পরিচয় এবং তাদের সঙ্গে কোনো সশস্ত্র সংগঠনের সংশ্লিষ্টতা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি সেনাবাহিনী। নিহতদের পরিবারের পক্ষ থেকেও কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর দাবি, অভিযান এখনও চলমান রয়েছে।
উল্লেখ্য, মণিপুর রাজ্যে বিগত দুই বছর ধরে রাজনৈতিক ও জাতিগত অস্থিরতা অব্যাহত রয়েছে। ২০২৩ সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত ২৬০ জন নিহত হন। এরপর থেকেই রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে এবং সেনা মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা বাহিনীর অভিযোগ, এই অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে মিয়ানমার সীমান্ত পেরিয়ে সশস্ত্র উগ্রপন্থিরা মণিপুরে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষিতেই চলমান সামরিক অভিযানগুলো চালানো হচ্ছে।
মতামত দিন