আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

কাশ্মীর ঘিরে উত্তেজনা: যুদ্ধবিরতি সত্ত্বেও পাল্টাপাল্টি হুমকি দিল ভারত-পাকিস্তান।

কাশ্মীর ইস্যুতে ভয়াবহ সংঘাতের পর সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ভারত ও পাকিস্তান। কিন্তু শান্তির এই ক্ষণস্থায়ী বিরতি নিয়েও আশঙ্কা বাড়িয়েছে দেশ দুটির নেতাদের পাল্টাপাল্টি হুঁশিয়ারি।

সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কড়া সুরে বলেন, ভারতের ভূখণ্ডে যদি আবারও সন্ত্রাসী হামলার চেষ্টা হয়, তবে প্রয়োজন হলে পাকিস্তানের সীমান্ত পেরিয়ে প্রতিশোধমূলক হামলা চালানো হবে। “সন্ত্রাসীদের আস্তানা যে সীমান্তের ওপারেই হোক না কেন, ভারত তা ধ্বংস করবে,” বলেন মোদি। তিনি আরও যোগ করেন, “পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না।”

মোদির এই বক্তব্যের পরদিন মঙ্গলবার জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “মোদির বক্তব্য স্পষ্টভাবে উসকানিমূলক। যখন আন্তর্জাতিক সম্প্রদায় এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন এমন মন্তব্য কেবল উত্তেজনাই বাড়াবে। পাকিস্তান শান্তি চায়, তবে আগ্রাসনের জবাব আগের চেয়ে কঠোর হবে—আঘাত যত বড় হবে, প্রতিঘাত হবে আরও কঠিন।”

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতের সামরিক শক্তিকে ব্যঙ্গ করে বলেন, “শুধু রাফাল যুদ্ধবিমান থাকলেই হবে না, পাইলটদের বুকেও সাহস থাকতে হয়। ভারত আধিপত্য বিস্তারের চেষ্টা করেও শেষ পর্যন্ত পিছু হটেছে।”

তিনি আরও দাবি করেন, পাকিস্তান বর্তমানে আঞ্চলিক কৌশলগত সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং “পাক সেনাবাহিনী জানে কিভাবে দেশের মর্যাদা রক্ষা করতে হয়।”

উল্লেখ্য, সীমান্তবর্তী কাশ্মীর অঞ্চলে সাম্প্রতিক সংঘাতে উভয় দেশের প্রাণহানি ঘটে। আন্তর্জাতিক চাপের মুখে যুদ্ধবিরতির ঘোষণা এলেও নতুন করে এই বাকযুদ্ধ আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে কূটনৈতিক মহলে।

মতামত দিন