আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

৬০০ বিলিয়ন ডলারের রেকর্ড চুক্তিতে সৌদি-যুক্তরাষ্ট্র সমঝোতা, অস্ত্রেই ১৪২ বিলিয়ন।

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৬০০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৩ মে) রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এসব চুক্তিতে সই করেন।

সবচেয়ে বড় চমক—১৪২ বিলিয়ন ডলারের বিশাল অস্ত্র চুক্তি।

হোয়াইট হাউস জানিয়েছে, শুরুতে জ্বালানি, প্রতিরক্ষা, প্রযুক্তি ও অবকাঠামো খাতে যৌথ বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রতিরক্ষা খাতে এই চুক্তি যুক্তরাষ্ট্র-সৌদির মধ্যে সবচেয়ে বড় সমঝোতা। এর আওতায় রিয়াদ আধুনিক যুদ্ধবিমান,মহাকাশ প্রযুক্তি,ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা,উপকূল ও সীমান্ত নিরাপত্তা এবং সেনা আধুনিকীকরণে যুক্তরাষ্ট্র থেকে সহায়তা পাবে।

এছাড়া সৌদি বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ,প্রযুক্তি হস্তান্তর,সামরিক শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়নেও পাশে থাকবে।

অবকাঠামো ও প্রযুক্তি খাতে বড় বিনিয়োগের পরিকল্পনা করেছে উভয় দেশ। সৌদি কোম্পানি ডেটাভোল্ট এআই ও জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি গুগল, ওরাকল,সেলসফোর্স, এএমডি ও উবার মিলে সৌদি অংশীদারদের সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের যৌথ প্রকল্পে অংশ নেবে।

বাদশাহ সালমান আন্তর্জাতিক বিমানবন্দর, সালমান পার্ক ও কিদিয়া সিটির মতো সৌদির মেগা প্রকল্পে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি কাজ করবে। এতে আমেরিকায় ফিরবে অন্তত ২ বিলিয়ন ডলার।

চুক্তির আওতায় সৌদি আরব ১৪.২ বিলিয়ন ডলারে গ্যাস টারবাইন এবং ৪.৮ বিলিয়নে বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ কিনবে। স্বাস্থ্য খাতেও দেশটি বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে—মিশিগানে স্যালাইন উৎপাদনকারী কারখানায় ৫.৮ বিলিয়ন ডলার ব্যয় করবে তারা।

এছাড়া গঠন করা হয়েছে কয়েকটি বিশেষ তহবিল—জ্বালানি উন্নয়নে ৫ বিলিয়ন, মহাকাশ ও প্রতিরক্ষা খাতে  ৫ বিলিয়ন এবং ক্রীড়াখাতে ৪ বিলিয়ন ডলার বরাদ্দ থাকবে এসব তহবিলে।

মতামত দিন