আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের জন্য পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী দিল চীন, বলল– প্রত্যাবাসনেও পাশে থাকবে।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া ৫ হাজার রোহিঙ্গার জন্য উপহার সামগ্রী পাঠিয়েছে চীন সরকার।সেইসঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটি।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে কক্সবাজারে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপহার সামগ্রীগুলো হস্তান্তর করা হয়। সেগুলো রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মিজানুর রহমানের কাছে হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন।

এসময় লিউ ইউয়িন বলেন, “চীন এখনো বাংলাদেশের সঙ্গে, মানবিক সহায়তাকারী সংস্থা ও অন্যান্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত। রোহিঙ্গা জনগণের কল্যাণে প্রয়োজনীয় সহায়তা দিতে এবং তাদের প্রত্যাবাসনে সর্বোচ্চ সক্ষমতা অনুযায়ী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ চীন।”

তিনি আরও বলেন, “এই প্রকল্পে যাঁরা উপস্থিত বা অনুপস্থিত থেকে কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের নিষ্ঠা সত্যিকারের মানবতাবাদ ও নিঃস্বার্থ চেতনার প্রতিফলন।”

রেড ক্রিসেন্ট সূত্রে জানা গেছে, উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেলাই মেশিন, চেয়ার, লুঙ্গি, পাঞ্জাবি, স্যান্ডেল, থামি, থ্রিপিস, ওড়নাসহ নানা ধরনের পোশাক। ৫০০ পুরুষ, ৫০০ নারী এবং ৪ হাজার শিশু এসব সামগ্রী পাবে। আগামী কয়েক দিনের মধ্যে রোহিঙ্গাদের মাঝে সেগুলো বিতরণ করা হবে।

উপহার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট কক্সবাজার অঞ্চলের পরিচালক আকরাম আলী খান, প্রোগ্রাম ম্যানেজার কেরামত আলী, চীনা দূতাবাস ও রেড ক্রিসেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতামত দিন