আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

তুরস্কের দিকে ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে তুরস্ক। সোমবার (৯ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়েছিল এবং এটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে এগিয়ে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আকাশেই ধ্বংস করে।

মন্ত্রণালয় আরও জানায়, ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার পর এর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ এলাকায় পড়ে। তবে এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

তুরস্কের কর্মকর্তারা বলেছেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, দেশের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তুরস্ক সংরক্ষণ করে।

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এক সংবাদ সম্মেলনে বলেন, গত এক সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরান থেকে কোনো সামরিক হামলা চালানো হয়নি।

তিনি আরও বলেন, যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তার কিছু সাজানোও হতে পারে। শত্রুপক্ষ ইরান ও অন্যান্য দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটাতে এমন ঘটনা ঘটাতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র: আল জাজিরা

মতামত দিন