ইরান কখনোই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না: পেজেশকিয়ান।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, দেশটি কখনোই যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। শনিবার দেশের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, শত্রুরা ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন দেখে ভুল করছে।
তিনি জানান, “ইরানি জনগণ তাদের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষা করবে, আর এ স্বপ্ন দেখার শত্রুরা নিজেদের আশা ভেঙে ফেলবে।”
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরপরই ইরান বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
খামেনির মৃত্যুর পর গঠিত তিন সদস্যের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের একজন হিসেবে দায়িত্ব পালন করছেন পেজেশকিয়ান। তিনি ভাষণে উল্লেখ করেন, “যে দেশগুলোতে হামলা হয়েছে, সেখানে প্রয়োজন ছাড়া ভবিষ্যতে পুনরায় হামলা চালানো হবে না।”
এছাড়া তিনি ব্যক্তিগতভাবে এবং ইরানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষমা চেয়েছেন। পেজেশকিয়ান জানান, অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে—যেসব প্রতিবেশী দেশ থেকে ইরানের ওপর কোনো হামলা না আসে, সেসব দেশে আর কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হবে না।

মতামত দিন