আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মার্কিন সামরিক রাডার ধ্বংসের দাবি ইরানের, ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং সেটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তেহরানের মতে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এই রাডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, প্রায় ৩০০ মিলিয়ন ডলার মূল্যের এই রাডারটি জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে স্থাপন করা ছিল। সংঘাতের শুরুর দিকেই সেখানে হামলা চালানো হয় বলে একজন মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন।

বিশেষজ্ঞদের মতে, রাডারটি সত্যিই ধ্বংস হয়ে থাকলে তা ইরানের জন্য একটি বড় কৌশলগত সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের বিশ্লেষক রায়ান ব্রোবস্ট বলেন, থাড প্রতিরক্ষা ব্যবস্থার ওপর সফল আঘাত ইরানের সামরিক সক্ষমতার বড় উদাহরণ হতে পারে।

স্যাটেলাইট ছবির বিশ্লেষণে দেখা গেছে, আরটিএক্স করপোরেশনের তৈরি এএন/টিপিওয়াই–২ রাডার এবং এর সঙ্গে থাকা সহায়ক সরঞ্জাম গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাডারটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করত। এটি অকার্যকর হয়ে পড়ায় এখন ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়তে পারে। তবে পিএসি–৩ ক্ষেপণাস্ত্রের মজুত আগেই কমে গেছে বলে জানা গেছে।

এদিকে লেবানন সীমান্ত থেকেও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এতে ইসরায়েলি সেনাবাহিনীর আট সদস্য আহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গিভাতি ব্রিগেডের পাঁচ সেনা গুরুতরভাবে আহত হয়েছেন এবং আরও তিনজন সামান্য আহত হয়েছেন। সীমান্তের কাছে একটি সামরিক অবস্থান লক্ষ্য করে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হলে এই ঘটনা ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জর্ডানে ইরানের হামলার ঘটনা এর আগে দুইবার ঘটেছে—২৮ ফেব্রুয়ারি এবং ৩ মার্চ।

মতামত দিন