ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় অংশ নেবে না জার্মান।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে জার্মানি যুক্ত হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল। একই সঙ্গে তেহরানে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে বাইরের কোনো উদ্যোগেও বার্লিন অংশ নেবে না বলে তিনি স্পষ্ট করেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) বার্লিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান সরকারের এই অবস্থান তুলে ধরেন তিনি।
ওয়াডেফুল বলেন, জার্মানি ইরানে গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায়। তবে সেই পরিবর্তন বাইরের শক্তির মাধ্যমে নয়, বরং ইরানের জনগণের হাত ধরেই আসা উচিত।
তিনি জানান, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জার্মানি কোনো সামরিক সংঘাতে জড়াচ্ছে না এবং ভবিষ্যতেও এমন পরিকল্পনা নেই। ইরানসহ কোনো দেশের সরকার পরিবর্তনের উদ্দেশ্যে পরিচালিত পদক্ষেপেও বার্লিন অংশ নেবে না।
জার্মান পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের বিভিন্ন বিরোধী গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। পাশাপাশি দেশটির সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ইরানি জনগণের প্রতি সমর্থনও রয়েছে জার্মানির। তবে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের ক্ষমতা বাইরের কোনো দেশের নেই বলেও তিনি উল্লেখ করেন।
তার মতে, শেষ পর্যন্ত ইরানের জনগণকেই এমন অবস্থায় পৌঁছাতে হবে যাতে তারা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে পারে এবং প্রয়োজন হলে বর্তমান শাসনব্যবস্থাকে অতিক্রম করতে পারে। কিন্তু এ ধরনের পরিবর্তন আনার জন্য জার্মান সরকারের সরাসরি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই।
এ সময় অঞ্চলে ইরানের পাল্টা হামলার সমালোচনা করে তেহরানকে এসব আক্রমণ বন্ধ করার আহ্বান জানান তিনি।
সূত্র: মিডল ইস্ট মনিটর।

মতামত দিন