ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সফলতা পেতে প্রার্থনায় বসলেন ট্রাম্প।
নিজেস্ব প্রতিবেদক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রার্থনায় অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইভানজেলিক্যাল খ্রিস্টান নেতারা। বৃহস্পতিবার (৫ মার্চ) হোয়াইট হাউসের ফেইথ অফিসের উদ্যোগে এই প্রার্থনা আয়োজন করা হয়।
হোয়াইট হাউস থেকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, রেজোলিউট ডেস্কের পেছনে বসে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাকে ঘিরে দাঁড়িয়ে প্রায় ২০ জন ধর্মীয় নেতা প্রার্থনায় অংশ নিচ্ছেন। তারা ট্রাম্পের সুস্থতা ও নেতৃত্বের জন্য দোয়া করার পাশাপাশি ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সফলতা কামনাও করেন।
প্রার্থনায় অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন ধর্মীয় উপদেষ্টা পলা হোয়াইট কেইন, ডালাসের ফার্স্ট ব্যাপটিস্ট চার্চের পাস্টর রবার্ট জেফ্রেস, ফেইথ অ্যান্ড ফ্রিডম কোয়ালিশনের নেতা রাল্ফ রিড এবং ফ্যামিলি রিসার্চ কাউন্সিলের গ্যারি বাউয়ারসহ আরও কয়েকজন।
জানা গেছে, পলা হোয়াইট কেইনের নেতৃত্বে এই ধরনের প্রার্থনা আয়োজন ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদ থেকেই নিয়মিতভাবে হয়ে আসছে। সময়ের সঙ্গে এটি হোয়াইট হাউসের একটি বার্ষিক রীতিতে পরিণত হয়েছে।
হোয়াইট হাউসের প্রকাশ করা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রার্থনাকে অনেকেই রাজনৈতিক সমর্থনের প্রতীক হিসেবেও দেখছেন।
যুক্তরাষ্ট্রের ইভানজেলিক্যাল খ্রিস্টান সম্প্রদায় দীর্ঘদিন ধরেই ট্রাম্পের অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবে পরিচিত। তবে পুরো বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।
মতামত দিন