নিজেস্ব প্রতিবেদক:
বিশ্বজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সামরিক সক্ষমতার আরেকটি প্রদর্শন করল উত্তর কোরিয়া। দেশটির নতুন নির্মিত একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ থেকে সফলভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষা চালানো হয়েছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, পশ্চিম উপকূলে অবস্থিত নাম্পো শিপইয়ার্ডে বুধবার ‘চো হিওন’ নামের নতুন যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রায় ৫০০ টন ওজনের এই ডেস্ট্রয়ারটি দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হয়েছে। উদ্বোধনের অংশ হিসেবেই জাহাজটি থেকে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিম জং উন নৌবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, খুব শিগগিরই উত্তর কোরিয়ার নৌবাহিনী সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচ—উভয় অবস্থান থেকেই আঘাত হানতে সক্ষম হবে। একই সঙ্গে নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সামরিক অগ্রগতির বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে কিম বলেন, সাম্প্রতিক এই উন্নয়ন দেশটির সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে। তার ভাষ্য অনুযায়ী, নৌ প্রতিরক্ষায় এমন সক্ষমতা অর্জন গত কয়েক দশকেও সম্ভব হয়নি।
বিশ্লেষকদের ধারণা, নতুন যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে উত্তর কোরিয়া নিজেদের সামরিক শক্তির বার্তা দিতে চাচ্ছে। এতে পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ও ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।

মতামত দিন