আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হলে দেশজুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং বিপুল সংখ্যক মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়ে অবস্থান নেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পরপরই ইসরায়েলজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। বোমা হামলা থেকে সুরক্ষার জন্য লাখো মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে হয়। তবে ইসরায়েলের জরুরি পরিসেবা সংস্থার তথ্য অনুযায়ী, এ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদকরা জানিয়েছেন, জেরুজালেমে ভোরের দিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে একই সময় ইরানের একটি ড্রোন হামলার সঙ্গে যুক্ত আরেকটি ঘটনার কথা জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটো। তাদের মতে, কুয়েত উপকূলের কাছে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, আগুন লাগার পর শেষ পর্যন্ত জাহাজটি ডুবে যায় এবং সেখান থেকে তেল সাগরে ছড়িয়ে পড়তে শুরু করে। এতে পরিবেশগত ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

তবে জাহাজে থাকা সব ক্রু নিরাপদে আছেন বলে জানানো হয়েছে। ইউকেএমটোর দাবি, ঘটনাস্থলের তথ্য ও ক্রুদের বর্ণনায় ড্রোন হামলার প্রমাণ পাওয়া গেছে।

মতামত দিন