হরমুজ প্রণালীতে সীমিত অনুমতি, ছাড় পেল মাত্র একটি দেশ।
মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালী নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, প্রণালীটির ওপর এখন তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদন ছাড়া কোনো বিদেশি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করলে তা হামলার ঝুঁকিতে পড়তে পারে। ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, বর্তমানে শুধুমাত্র চীনা জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।
পারস্য উপসাগরের তেলসমৃদ্ধ বন্দরগুলোকে উন্মুক্ত সমুদ্রের সঙ্গে সংযুক্ত করেছে হরমুজ প্রণালী। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ—বিশ্বে সরবরাহ হওয়া মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই রুট দিয়েই পরিবাহিত হয়, যার বড় অংশ যায় এশিয়ার বাজারে, বিশেষ করে চীন ও ভারতে। ফলে এ পথ বাধাগ্রস্ত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, প্রণালীতে নিরাপত্তা ও স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা জরুরি এবং নিজেদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার সমালোচনা করে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও উত্তেজনা বাড়ানোর মতো পদক্ষেপ গ্রহণযোগ্য নয়; সংকট নিরসনে দ্রুত কূটনৈতিক সংলাপ শুরু করা উচিত।
সূত্র: এনডিটিভি, এএফপি, সিনহুয়া
মতামত দিন