আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বিশ্ব জ্বালানি নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণে নিয়েছে আইআরজিসি।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালিকে নিজেদের নিয়ন্ত্রণে থাকার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ বুধবার (৪ মার্চ) এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে।

আইআরজিসির নৌ শাখার কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেন, প্রণালির নিরাপত্তা ও সামরিক তদারকি এখন সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনীর হাতে রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে এ জলপথ দিয়ে অতিক্রমকারী যেকোনো জাহাজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার ঝুঁকিতে থাকতে পারে।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এ পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এ ধরনের ঘোষণা আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

ঘোষণাটি এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিন আগে জানিয়েছিলেন—এই নৌপথ দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোর নিরাপত্তা নিশ্চিতে মার্কিন নৌবাহিনী প্রয়োজনে এসকর্ট দেবে।

অন্যদিকে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সৌদি আরব, ওমান ও সাইপ্রাসে অবস্থানরত তাদের কূটনৈতিক কর্মকর্তা ও পরিবারের সদস্যদের স্বেচ্ছা প্রস্থানের অনুমতি দিয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক টানাপোড়েন বৃদ্ধি পেলে তা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ, পরিবহন ব্যয় এবং সামগ্রিক নৌ-নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

মতামত দিন