আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

ভারত মহাসাগরে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার প্রকাশিত এক ঘোষণায় সংস্থাটি জানায়, চলমান সামরিক অভিযানের অংশ হিসেবেই এই হামলা পরিচালনা করা হয়েছে।

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, হামলার সময় মার্কিন ডেস্ট্রয়ারটি একটি জ্বালানিবাহী ট্যাংকার থেকে সরবরাহ নিচ্ছিল এবং ইরানি সীমান্ত থেকে উল্লেখযোগ্য দূরত্বে অবস্থান করছিল। অভিযানে ‘ঘাদর-৩৮০’ ও ‘তালাইয়েহ’ নামের দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে দাবি করা হয়েছে। হামলার পর লক্ষ্যবস্তু জাহাজসহ সংশ্লিষ্ট ট্যাংকারে আগুন ছড়িয়ে পড়ে বলেও জানায় তারা।

ইরানি সামরিক বিশ্লেষণে বলা হয়েছে, ‘ঘাদর’ সিরিজের ক্ষেপণাস্ত্র দীর্ঘপাল্লার ব্যালিস্টিক অস্ত্র, যা প্রায় দুই হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অপরদিকে ‘তালাইয়েহ’ ক্রুজ মিসাইলকে এমন একটি ব্যবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে, যা উড্ডয়নের সময় প্রয়োজন অনুযায়ী লক্ষ্য পরিবর্তন করতে পারে।

তেহরানের দাবি, ‘ট্রু প্রমিস–৪’ নামের অভিযানের আওতায় এই হামলা চালানো হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় অঞ্চলজুড়ে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান চলছে।

এদিকে, আইআরজিসির এই দাবির বিষয়ে এখনো ওয়াশিংটন বা তেল আবিব আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

মতামত দিন