পবিত্র নগরী মাশহাদেই চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ ঠিকানা নির্ধারণ করা হয়েছে দেশটির ধর্মীয় গুরুত্বপূর্ণ শহর মাশহাদে। ইরানি সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সেখানেই তাকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী এই নেতা—এমন দাবি করেছে তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রায় সাড়ে তিন দশক ইরানের সর্বোচ্চ নেতৃত্বে থাকা খামেনির মৃত্যু দেশজুড়ে গভীর শোকের আবহ তৈরি করেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার এলাকায় তার দাফন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। শহরটি তার জন্মস্থান হওয়ায় এখানেই সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে দাফনের দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এদিকে একই হামলায় ইরানের সামরিক ও রাজনৈতিক অঙ্গনের আরও কয়েকজন উচ্চপদস্থ ব্যক্তির মৃত্যুর খবরও প্রকাশ পেয়েছে। খামেনিকে ঘিরে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান ও আনুষ্ঠানিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ঘোষণা পরবর্তীতে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতামত দিন