আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানীর একটি ভবন লক্ষ্য করে হামলার ঘোষণা ইসরায়েলের।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহর হারেত হরেইক এলাকায় সম্ভাব্য সামরিক অভিযানের আগে জরুরি সতর্কতা দিয়েছে ইসরায়েলি বাহিনী। নির্দিষ্ট একটি স্থাপনাকে ঘিরে বাসিন্দাদের দ্রুত নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার এক মুখপাত্র সামাজিক মাধ্যমে প্রকাশিত মানচিত্রে একটি ভবন চিহ্নিত করে দাবি করেন, সেটি হিজবুল্লাহর কার্যক্রমের সঙ্গে যুক্ত। সতর্কবার্তায় বলা হয়, ঝুঁকি এড়াতে আশপাশের সবাইকে অন্তত ৩০০ মিটার দূরে চলে যেতে হবে। তবে সম্ভাব্য হামলার সময় কিংবা অভিযানের ধরন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি। পরিস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এদিকে সৌদি আরবেও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস কমপ্লেক্সের ভেতরে থাকা সিআইএর একটি স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের একাধিক সূত্র জানিয়েছে।

সূত্রগুলোর দাবি, ড্রোনটি আঘাত হানার পর বিস্ফোরণ ঘটে। তবে এতে কী ধরনের ক্ষতি হয়েছে বা স্থাপনাটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল কিনা—তা এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানের পর অঞ্চলজুড়ে যে পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়েছে, এসব ঘটনা তারই অংশ। ইরান ও তার মিত্রদের লক্ষ্য করে হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়ছে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন