আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তেহরানে প্রেসিডেন্ট কার্যালয়ে বিমান হামলা ইসরায়েলের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে পাকিস্তানের দ্য ডন জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের প্রেসিডেন্টের দপ্তর ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট স্থাপনা।

মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত খবরে বলা হয়, ইসরায়েলি বাহিনীর দাবি অনুযায়ী তেহরানের কেন্দ্রীয় সরকারি কমপ্লেক্সের ভেতরে থাকা একাধিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। সামরিক বিবৃতিতে উল্লেখ করা হয়, অভিযানের সময় প্রেসিডেন্ট কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনের ওপর ভারী গোলাবারুদ নিক্ষেপ করা হয়, যার ফলে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে সংঘাতের পাল্টাপাল্টি পরিস্থিতিতে ইরানও ইসরায়েলের ভেতরে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার কথা জানায়। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়, হাইফার সামরিক ও নিরাপত্তা স্থাপনা এবং পূর্ব জেরুজালেমের একটি স্থাপনাকে লক্ষ্য করে সোমবার (২ মার্চ) হামলা চালানো হয়।

ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে বলা হয়, অভিযানে ইসরায়েলের সামরিক নেতৃত্ব ও সরকারি অবকাঠামো লক্ষ্য করা হয়েছে এবং এতে ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

পাল্টাপাল্টি হামলার এ ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

মতামত দিন