ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের, উত্তেজনা ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক অভিযানে ইরানের প্রেসিডেন্ট কার্যালয় ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট একটি কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
মঙ্গলবার তেল আবিবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সামরিক মুখপাত্র এফি ডেফরিন বলেন, অভিযানে যুক্তরাষ্ট্রের বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে ইসরায়েল। তার ভাষ্য অনুযায়ী, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করাই বর্তমানে তাদের অন্যতম কৌশলগত লক্ষ্য।
লেবানন সীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন তিনি। ডেফরিন দাবি করেন, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আগে থেকেই ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে। এর প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে স্থল অভিযান ও বিমান হামলা পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। এসব অভিযানে সংগঠনটির কয়েকজন কমান্ডারকে লক্ষ্য করা হয়েছে বলে জানানো হয়।
ইসরায়েলের মতে, উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করাই এসব সামরিক পদক্ষেপের মূল উদ্দেশ্য। একই সঙ্গে তাদের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের জ্যেষ্ঠ সদস্যরা লেবাননে অবস্থান নিয়ে হিজবুল্লাহকে সহায়তা করছেন। এ কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষ।
মতামত দিন