যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান: আলী লারিজানি।
ওয়াশিংটনের সঙ্গে নতুন করে সংলাপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি স্পষ্টভাবে জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না।
সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বা আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে— এমন খবর সঠিক নয়। ওমানের মধ্যস্থতায় যোগাযোগের চেষ্টা হয়েছে বলে যে দাবি উঠেছে, সেটিও প্রত্যাখ্যান করেন তিনি। লারিজানির ভাষায়, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না।”
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কঠোর সমালোচনা করেন ইরানি এই কর্মকর্তা। তার অভিযোগ, ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আড়ালে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ানো হচ্ছে এবং বাস্তবে তা ‘ইসরায়েল ফার্স্ট’ কৌশলে রূপ নিয়েছে। এতে মার্কিন সেনাদেরও অন্য দেশের স্বার্থে ঝুঁকির মুখে ফেলা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এর পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং অন্তত পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মতামত দিন