যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি উঠে এসেছে।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানি গণমাধ্যমের উদ্ধৃতি অনুযায়ী রাজধানী তেহরানে খামেনির আবাসিক এলাকাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
এদিকে ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতির অগ্রগতির ওপর নির্ভর করেই অভিযানের মেয়াদ নির্ধারণ করা হবে বলে তিনি ইঙ্গিত দেন।
মার্কিন গণমাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে অভিযান দীর্ঘায়িত করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে। আবার স্বল্প সময়ের মধ্যেই অভিযান শেষ করে কৌশলগত বার্তা দেওয়ার সুযোগও রয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই অভিযান সমাপ্ত করে ইরানকে সতর্ক করা হতে পারে—পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু হলে ভবিষ্যতেও সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, সামরিক চাপের পাশাপাশি কূটনৈতিক উপায়েও পরিস্থিতি মোকাবিলার জন্য ওয়াশিংটনের হাতে বিভিন্ন বিকল্প পরিকল্পনা প্রস্তুত রয়েছে।
চলমান সংঘাতের জেরে ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ব্যাপকভাবে অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশ্লেষকদের আশঙ্কা, উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে এটি দীর্ঘস্থায়ী আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।
মতামত দিন