আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি ডোনাল্ড ট্রাম্পের।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইরান বা কোনো স্বাধীন আন্তর্জাতিক সূত্র থেকে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

শনিবার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ দাবি করেন। সেখানে তিনি বলেন, খামেনির মৃত্যু শুধু ইরানের জনগণের জন্য নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশে সহিংসতার শিকার মানুষের জন্যও ‘বিচার প্রতিষ্ঠার’ সমতুল্য।

পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, উন্নত গোয়েন্দা নজরদারি ও সামরিক অভিযানের মাধ্যমে খামেনিকে লক্ষ্যবস্তু করা হয় এবং ইসরায়েলের সঙ্গে সমন্বয় করেই এই অভিযান পরিচালিত হয়েছে। তার দাবি অনুযায়ী, ওই হামলায় খামেনির সঙ্গে আরও কয়েকজন শীর্ষ নেতাও নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, ইরানের নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য যুদ্ধ চালিয়ে যেতে অনিচ্ছুক এবং তারা নিরাপত্তা নিশ্চয়তা চাইছে। ট্রাম্প তাদের উদ্দেশে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে সতর্ক করেন—দেরি করলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।

একই পোস্টে ট্রাম্প দাবি করেন, খামেনির মৃত্যুর পর ইরানের জনগণের জন্য ‘দেশ পুনর্গঠনের সুযোগ’ তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও মিত্রদের সামরিক অভিযান অব্যাহত থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তেহরানে খামেনির বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। হামলায় স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেলেও খামেনির অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য এখনো প্রকাশ হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পরিস্থিতি যাচাই করা হচ্ছে এবং আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষা চলছে।

সূত্র: বিবিসি

মতামত দিন