ইরান পরিস্থিতির জেরে মধ্যপ্রাচ্য আকাশপথে অচলাবস্থা, বাতিল হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে বিমান চলাচলে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় অঞ্চলটির আকাশসীমা এড়িয়ে চলতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনস।
উদ্ভূত পরিস্থিতিতে একাধিক এয়ারলাইনস সাময়িকভাবে ফ্লাইট স্থগিত বা বাতিলের ঘোষণা দিয়েছে। এর মধ্যে রয়েছে Air France, Air India, Iberia Express, IndiGo, Japan Airlines, LOT Polish Airlines, Lufthansa, Norwegian Air, Turkish Airlines, Virgin Atlantic, Qatar Airways এবং Air Algérie।
ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের কারণে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে বহু যাত্রী আটকা পড়েছেন। সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো যাত্রীদের বিকল্প ফ্লাইট, ভ্রমণ পুনর্নির্ধারণ কিংবা টিকিটের অর্থ ফেরতের সুবিধা দিচ্ছে বলে জানা গেছে।
এর আগে তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের পর শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ অন্তত পাঁচটি শহরে সমন্বিত হামলা চালায়। এর পর থেকেই পুরো অঞ্চলের আকাশপথে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।
মতামত দিন