আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরাকের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা।

নিজেস্ব প্রতিবেদক:

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে উত্তর ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কা তৈরি হয়। শনিবার বিকেলে বিমানবন্দরের দিকে অগ্রসর হওয়া একটি ড্রোন শনাক্ত করে তা ধ্বংস করে দেয় আকাশ প্রতিরক্ষা ইউনিট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যমতে, ড্রোনটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর বিমানবন্দরসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে একাধিকবার হামলার আশঙ্কা দেখা দেওয়ায় নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই উচ্চ সতর্কতায় ছিল বলে জানা গেছে।

তবে সর্বশেষ এই হামলার প্রচেষ্টার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান সংঘাতের জেরে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান এর আগে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে। একই সময়ে ইসরায়েলেও পাল্টা আক্রমণের খবর পাওয়া যাচ্ছে।

অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। এতে অন্তত ৬০ জন আহত হয়েছেন।

স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী, হামলার সময় বিদ্যালয়টিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মতামত দিন