বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলা।
সর্বশেষ খবর অনুযায়ী, বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন নৌবহরের সদর দপ্তরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বিস্ফোরণের সময় ধোঁয়া ও শব্দ লক্ষ্য করেছেন, তবে হামলার দায়িত্ব এখনও নিশ্চিত করা যায়নি।
একই সময়ে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের আকাশেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সব স্থাপনাই এখন তাদের লক্ষ্যবস্তু। তিনি আরও জানান, এই সংঘাতের মধ্যে আর কোনো ‘রেড লাইন’ নেই। পাশাপাশি, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পাল্টা হামলা শুরু করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, শত্রুর আগ্রাসনের জবাবে প্রথম ধাপে ইরান অধিকৃত ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে।
এ ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ও বেসামরিক বিমান চলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
মতামত দিন