পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা।
সরাসরি বিমান হামলার উত্তাপে ইরান শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মাজিদ আখভান জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো বেসামরিক উড্ডয়ন অনুমোদিত হবে না।
ইরানের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে ইসরায়েলও নিজের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয় জানায়, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে এই বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। সাধারণ যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার এবং বিদেশে অবস্থানরতদের নিয়মিত এয়ারলাইনস ও মিডিয়ার আপডেট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানের উত্তর ও পূর্ব অংশে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের ঘটনা আগের দিন থেকেও নজরে আসে, যা উত্তেজনা আরও বাড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই ধরনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড এবং আকাশসীমা বন্ধ ঘোষণার ফলে সাম্প্রতিক সংঘাতের তীব্রতা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
মতামত দিন