জেনেভায় তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান।
পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বাড়ায় আজ সুইজারল্যান্ডের জেনেভায় মার্কিন এবং ইরান প্রতিনিধি দল তৃতীয় দফা পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছে। আলোচনার প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, সমঝোতা না হলে সীমিত সামরিক পদক্ষেপও বিবেচনায় আসতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দুটি বিমানবাহী রণতরী, যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে।
ইরানের প্রতিনিধি দল নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় অংশ নেবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারড কুশনার। আলোচনায় মধ্যস্থতা করছে ওমান।
আলোচনার মূল বিষয় হলো ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ইরান সরাসরি মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে, তবে কিছু ক্ষেত্রে সমঝোতার ইঙ্গিতও পাওয়া গেছে। মার্কিন প্রশাসন দাবি করছে, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হতে পারে।
গত বছর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। তেহরান তখন সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িক স্থগিত করলেও আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশে বাধা দিয়েছিল। বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অভিযোগ করে আসছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। ইরান সবসময় জানিয়েছে, তাদের কার্যক্রম শান্তিপূর্ণ।
মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলোচনা ব্যর্থ হলে ট্রাম্প সীমিত সামরিক পদক্ষেপ বা বিপ্লবী গার্ড ও পারমাণবিক স্থাপনায় আক্রমণ পরিকল্পনা করছেন। এর জবাবে ইরান হুঁশিয়ারি দিয়েছে, হামলা হলে তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনা এবং ইসরায়েলে পাল্টা হামলা চালাবে।

মতামত দিন