আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার তেল কিউবায় পুনঃবিক্রির জন্য অনুমোদন দিচ্ছে যুক্তরাষ্ট্র।

নিজেস্ব প্রতিবেদক:

মানবিক সংকটের তীব্রতা কমাতে যুক্তরাষ্ট্র কিউবার জন্য ভেনেজুয়েলার তেলের নির্দিষ্ট পরিমাণ পুনরায় বিক্রির অনুমতি দিচ্ছে। এই সিদ্ধান্ত এসেছে ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর উদ্বেগের প্রেক্ষিতে।

মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, বাণিজ্যিক ও মানবিক ব্যবহারের উদ্দেশ্যে কিউবায় তেল পাঠানোর জন্য লাইসেন্স চাইলে অনুমোদন দেওয়া হবে। তবে কিউবার সামরিক, গোয়েন্দা বা সরকারি সংস্থার সঙ্গে সংযুক্ত কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এই সুবিধা পাবেন না।

গত ২৫ বছর ধরে ভেনেজুয়েলা কিউবার প্রধান তেল সরবরাহকারী হলেও যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কারণে সাম্প্রতিক সময়ে সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প সরবরাহকারী মেক্সিকোও তেল পাঠানো স্থগিত করে, কারণ ওয়াশিংটন শুল্ক আরোপের হুমকি দিয়েছে। এর ফলে কিউবায় বিদ্যুৎ উৎপাদন, যানবাহন চলাচল এবং গৃহস্থালি ব্যবহারে সমস্যা সৃষ্টি হয়েছে।

ক্যারিবীয় অঞ্চলের এক বৈঠকে কিউবার বর্তমান জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন দেশীয় নেতা। জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রো হোলনেস বলেন, কিউবার মানবিক সমস্যা শুধু দেশটির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি আঞ্চলিক প্রভাবও ফেলতে পারে। আয়োজক দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিসের প্রধানমন্ত্রী টেরান্স ড্রিউও মন্তব্য করেন, কিউবার পরিস্থিতি অস্থিতিশীল থাকলে পুরো অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সংকটের জন্য ওয়াশিংটনের অবরোধকে দায়ী না করে বলেন, মূল দায় কিউবার সরকারের নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার। তিনি সতর্ক করে জানান, যদি তেলের সরবরাহ সরকার বা সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে, তাহলে যুক্তরাষ্ট্র পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। রুবিও বলেন, কিউবার জনগণের জীবনমান উন্নয়নের একমাত্র পথ হলো অর্থনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন আনা।

একই সময়ে, মেক্সিকো ও কানাডা কিউবার জন্য মানবিক সহায়তা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী অ্যালেকজেন্ডার নোভাক জানিয়েছেন, তাদের সরকার কিউবার জ্বালানি সরবরাহের বিষয়টি নিয়ে আলোচনা করছে।

কিউবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফ্লোরিডা নিবন্ধিত একটি দ্রুত নৌযান কিউবার জলসীমায় প্রবেশ করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে চারজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। মার্কো রুবিও নিশ্চিত করেছেন, এতে কোনো মার্কিন সরকারি সংস্থা জড়িত নয়।

মতামত দিন