ওয়াশিংটনে ছুরিকাঘাতে চারজন নিহত, পুলিশের গুলিতে সন্দেহভাজনের মৃত্যু।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় ৩২ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে টাকোমা শহরের উত্তর-পশ্চিমে কী পেনিনসুলা এলাকায় একটি বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৮টা ৪১ মিনিটে জরুরি সেবায় কল পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারী বাড়ির বাইরে উপস্থিত কয়েকজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালান। প্রথম ডেপুটি ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় তিন মিনিট সময় নেন। স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, সকাল ৯টা ৩৩ মিনিটে গুলি চালানো হয় এবং ঘটনাস্থলেই সন্দেহভাজনকে মৃত ঘোষণা করা হয়।
আক্রমণে তিনজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
ঘটনাটি তদন্ত করছে পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে বাড়ির সামনে হামলা হয়েছে সেটি এমন এক নারীর, যিনি তার ছেলের বিরুদ্ধে এক বছরের সুরক্ষা আদেশ চেয়ে আদালতে আবেদন করেছিলেন।
আদালতের নথিপত্রে উল্লেখ রয়েছে, ওই নারী অভিযোগ করেছিলেন তার ছেলে তাকে হুমকি দিতেন এবং মাদকাসক্তির সমস্যায় জড়িত ছিলেন। এছাড়া মানসিক নির্যাতন ও ব্যক্তিগত সম্পদ নষ্ট করার অভিযোগও করা হয়েছিল।
এ ঘটনায় নিহত ও সন্দেহভাজনের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
মতামত দিন