আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

দীর্ঘ সময়ের বিরতির পর আবারও চালু হলো আগরতলা-ঢাকা-কলকাতা বাস।

নিজেস্ব প্রতিবেদক:

আগরতলা থেকে ঢাকার মাধ্যমে কলকাতায় চলাচলকারী আন্তঃনগর বাস পরিষেবা দীর্ঘ সময়ের বিরতির পর আবার চালু হলো। মঙ্গলবার দুপুরে কলকাতা থেকে যাত্রা শুরু করা রয়েল মৈত্রী বাসটি আখাউড়া সীমান্ত পেরিয়ে আগরতলায় প্রবেশ করে।


বাসটি পরিচালনা করছে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশন (টিআরটিসি)। দুপুরে রাজ্যের পরিবহন ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং টিআরটিসির চেয়ারম্যান সমর রায় যাত্রীদের স্বাগত জানান। যাত্রাপথে কোনো বাধা বা সমস্যা দেখা না দেয়ায় সবাই স্বস্তি ও সন্তুষ্টি প্রকাশ করেন।

প্রথম যাত্রাটি পরীক্ষামূলকভাবে শনিবার অনুষ্ঠিত হয়েছিল। মঙ্গলবার যাত্রীরা আগরতলায় পৌঁছালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হিসেবে গণ্য করা হলো। এ সময় পরিবহনমন্ত্রী বলেন, “বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। নতুন সরকার উভয় দেশের বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।”

আগে আগরতলা থেকে কলকাতার মধ্যে নিয়মিত বাস চলাচল থাকলেও কিছু বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল। ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর মনোরঞ্জন দেবনাথ জানান, ভিসা বিষয়ক জটিলতা এবং অন্যান্য সমস্যা থাকার কারণে এই পরিষেবা স্থগিত রাখা হয়েছিল। এখন পরিস্থিতি উন্নত হওয়ায় পুনরায় শুরু করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, “এই সার্ভিস চালুর জন্য নতুন অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। ২০০১ সালে দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, তার আওতায় ফের এটি চালু করা হলো।”

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা মন্তব্য করেছেন, “বাংলাদেশে নতুন সরকার গঠনের পর সম্পর্কের অনিশ্চয়তা দূর হয়েছে। এটি উভয় দেশের যোগাযোগ ও সহযোগিতার জন্য ইতিবাচক সংকেত। আশা করি অন্যান্য সমস্যা সমাধানও দ্রুত হবে।”

আগরতলা থেকে ট্রেনে গুয়াহাটি হয়ে কলকাতার দূরত্ব প্রায় ১,৫৭০ কিলোমিটার, যা সাধারণত ৪০ ঘণ্টার বেশি সময় নেয়। ঢাকা হয়ে আগরতলা থেকে কলকাতার দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার, এবং ভাড়া নির্ধারিত হয়েছে ২,৮০০ টাকা।

মতামত দিন