আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পূর্ব সতর্কতা ছাড়াই চেনাব নদীর বাঁধ খুলে দিল ভারত, পাকিস্তানে বন্যার শঙ্কা।

পূর্ব সতর্কতা ছাড়াই চেনাব নদীর বাঁধের গেট খুলে দিয়েছে ভারত। এতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে পাকিস্তানে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

নদীতীরবর্তী এলাকায় মানুষজন উদ্বেগে রয়েছেন।

রোববার (১১ মে) ভারতীয় কাশ্মীরের রামবান জেলায় চেনাব নদীর ওপর নির্মিত বাগলিহার জলবিদ্যুৎ প্রকল্পের আরও একটি গেট খুলে দেওয়া হয়। আগের দিন শনিবারও দুটি গেট খোলা হয়েছিল। ভারি বৃষ্টির কারণে ভারতীয় অংশে পানির চাপ বাড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকারিভাবে এ বিষয়ে কোনো ব্যাখা দেওয়া হয়নি।

১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি অনুযায়ী, চেনাব নদীর পানি পাকিস্তানের জন্য নির্ধারিত হলেও ভারত তা সীমিতভাবে ব্যবহার করতে পারে। কিন্তু সম্প্রতি কাশ্মীরে সহিংস ঘটনার জেরে ভারত চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় এবং নদীগুলোর পানিপ্রবাহ নিয়ন্ত্রণ শুরু করে।

বাগলিহার বাঁধের গেট একাধিকবার খোলা ও বন্ধ করায় পাকিস্তানে চাষাবাদ ও বিদ্যুৎ উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। দেশটির সেচব্যবস্থা এবং জলবিদ্যুৎ প্রকল্পগুলো প্রধানত চেনাব, ঝেলাম ও ইন্দাস নদীর ওপর নির্ভরশীল। হঠাৎ পানি বেড়ে গেলে বন্যা ও ক্ষয়ক্ষতির আশঙ্কাও থাকছে।

পানি নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আবারও সামনে এসেছে। পাকিস্তান বলছে, ভারতের এমন আচরণ কূটনৈতিক আস্থার পরিপন্থী।

মতামত দিন