ট্রাম্পকে ‘উড়ন্ত প্রাসাদ’ উপহার দিচ্ছে কাতার? আলোচনায় বিলাসবহুল জেট।
বিবিসি ও সিবিএস নিউজের খবরে বলা হয়েছে, বোয়িং ৭৪৭-৮ মডেলের একটি অত্যাধুনিক জেট কাতারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সাময়িক ব্যবহারের জন্য দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। তবে বিমানটি উপহার হিসেবে নয়, নির্দিষ্ট চুক্তির আওতায় ব্যবহারের বিষয়ে কথা হচ্ছে বলে জানিয়েছে দোহা।
হোয়াইট হাউস এখনও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মহল থেকে বলা হচ্ছে, চলতি সপ্তাহেই তিনি কাতার সফরে যাচ্ছেন এবং আলোচনায় এই বিমান ইস্যু গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে।
ট্রাম্প নিজে দাবি করেছেন, এটি ‘উপহারস্বরূপ’ দেওয়া হচ্ছে এবং বর্তমান বিমানবহরের পুরনো বোয়িং ৭৪৭-২০০বি মডেলগুলোর অস্থায়ী বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, বিমানটি এখনই ব্যবহার উপযোগী নয়। প্রয়োজন হবে নিরাপত্তা যাচাই ও প্রযুক্তিগত পরিবর্ধনের।
হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, যেকোনো বিদেশি রাষ্ট্রের কাছ থেকে সামগ্রী গ্রহণে আইনগত প্রক্রিয়া ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বহরে যে দুটি বোয়িং ৭৪৭-২০০বি রয়েছে, তা তিন দশকের বেশি পুরনো। বোয়িং নতুন দুটি ‘এয়ার ফোর্স ওয়ান’ সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হলেও ডেলিভারি বিলম্বিত হচ্ছে। এই পরিস্থিতিতে বিকল্প খোঁজার অংশ হিসেবেই কাতারের বিমান আলোচনায় এসেছে।
কাতার এর আগেও তুরস্কসহ বিভিন্ন দেশকে বিলাসবহুল বিমান উপহার দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি আরও ঘনিষ্ঠ হয়েছে।

মতামত দিন