আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের রায়ের পরও শুল্কে অনড় ট্রাম্প,চুক্তি নিয়ে টালবাহানা করলে বাড়তি হারের হুঁশিয়ারি।

নিজেস্ব প্রতিবেদক:

বৈশ্বিক শুল্ক ইস্যুতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির সর্বোচ্চ আদালত প্রেসিডেন্টের ঘোষিত কিছু শুল্ক বাতিল করার পরও কঠোর অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প

বাণিজ্য চুক্তি নিয়ে টালবাহানা করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর আরও বেশি হারে শুল্ক আরোপ করা হবে বলে সতর্ক করেছেন তিনি।

গত বছর ঘোষিত শুল্কের বড় অংশ বাতিল করে দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত রায়ে জানায়, ১৯৭৭ সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় প্রেসিডেন্টের এমন বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা নেই। এই সিদ্ধান্তের পর বিশ্বজুড়ে বিভিন্ন দেশ তাদের বাণিজ্য অবস্থান নতুন করে পর্যালোচনা শুরু করে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, কেউ যদি আদালতের রায়কে অজুহাত হিসেবে ব্যবহার করে পূর্বের প্রতিশ্রুতি থেকে সরে যেতে চায়, তাহলে তাদের ওপর আগের চেয়ে আরও কঠোর শুল্ক বসানো হবে। “ক্রেতা সাবধান”— এমন বার্তাও দেন তিনি।

আদালতের রায়ের পরই বিকল্প আইনি পথ খুঁজতে শুরু করে হোয়াইট হাউস। ট্রাম্প ভিন্ন আইনের অধীনে প্রথমে ১০ শতাংশ, পরে তা বাড়িয়ে ১৫ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক ঘোষণা করেন, যা দ্রুত কার্যকরের পরিকল্পনা রয়েছে। জানা গেছে, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো নির্দিষ্ট পণ্যের ওপর আগের ঘোষিত শুল্ক বহাল থাকবে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন গ্রীষ্মে সম্পাদিত একটি চুক্তির অনুমোদন স্থগিতের কথা জানিয়েছে। ভারতও পূর্বনির্ধারিত আলোচনা সাময়িকভাবে থামিয়েছে। যুক্তরাজ্য সরকার ওয়াশিংটনের কাছে জানতে চেয়েছে, তাদের সঙ্গে আলোচিত শুল্কহার ১৫ শতাংশের নিচে থাকায় তা বহাল থাকবে কি না।

মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার গণমাধ্যমকে বলেন, আইনি কাঠামো বদলাতে পারে, তবে নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার সতর্ক করেছেন, কংগ্রেসে শুল্ক বৃদ্ধির উদ্যোগ এলে তা বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন তারা।

বাণিজ্য ইস্যুতে এই টানাপোড়েনের প্রভাব পড়েছে বাজারেও। সোমবার যুক্তরাষ্ট্রে শেয়ারবাজার সূচক প্রায় এক শতাংশ কমে যায়। বিশ্লেষকদের মতে, শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা অব্যাহত থাকলে বৈশ্বিক বাণিজ্যে নতুন করে চাপ তৈরি হতে পারে।

সূত্র : বিবিসি

মতামত দিন