পেরুতে উদ্ধারকাজে গিয়ে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, শিশুসহ নিহত ১৫।
বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে পেরুর একটি সামরিক হেলিকপ্টার। বিধ্বস্ত এমআই-১৭ মডেলের ওই হেলিকপ্টারে থাকা শিশুসহ ১৫ জনের সবাই নিহত হয়েছেন।
দেশটির বিমানবাহিনী জানিয়েছে, রোববার (২২ ফেব্রুয়ারি) উদ্ধার মিশনে থাকা অবস্থায় হেলিকপ্টারটির সঙ্গে রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন সোমবার অনুসন্ধান অভিযানে ধ্বংসাবশেষ শনাক্ত করা হলে আরোহীদের মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে চারজন ক্রু সদস্য এবং ১১ জন যাত্রী ছিলেন।
যাত্রীদের মধ্যে সাতজনই শিশু। তাদের মধ্যে একজনের বয়স মাত্র তিন বছর। এছাড়া ১০ বছর বয়সী একজন, তিনজন ১৪ বছর বয়সী, একজন ১৫ বছর এবং একজন ১৭ বছর বয়সী কিশোরও ছিল।
মুষলধারে বৃষ্টিপাতের কারণে পেরুর আরেকুইপা অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে বিভিন্ন স্থানে ভূমিধস, ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া এবং সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঝড় ও বন্যাজনিত ঘটনায় পৃথকভাবে আরও অন্তত দুজনের মৃত্যু হয়েছে—কাইমা জেলায় বন্যার পানিতে এক বৃদ্ধা ভেসে যান এবং বজ্রপাতে এক পুরুষের মৃত্যু হয়।
বিধ্বস্ত হেলিকপ্টারটি দুর্গত এলাকায় অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য নিয়োজিত ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মতামত দিন