পুনরায় দুর্ঘটনার শিকার ভারতের তেজাস যুদ্ধবিমান।
নিজেস্ব প্রতিবেদক:
ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তেজাস যুদ্ধবিমান মাত্র তিন মাসের ব্যবধানে পুনরায় দুর্ঘটনার শিকার হয়েছে। খবর দ্য হিন্দুর।
ভারতের বিমান বাহিনী (আইএএফ) সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছিল ৭ ফেব্রুয়ারি। যদিও ঠিক কোন ঘাঁটিতে ঘটনা ঘটেছে তা প্রকাশ করা হয়নি, জানা গেছে এটি এক আসনের সিঙ্গেল সিট তেজাস বিমান ছিল। প্রশিক্ষণ ফ্লাইট শেষ করে ঘাঁটিতে ফেরার সময় বিমানটির ব্রেক কাজ করে না। এর ফলে রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার সময় পাইলট সতর্ক হয়ে নিজেই বিমান থেকে বের হতে সক্ষম হন, তাই কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তেজাস যুদ্ধবিমান পুরোপুরি ভারতীয় প্রযুক্তিতে তৈরি এবং ২০১৫ সালের ১৭ জানুয়ারি ভারতীয় বিমানবাহিনীতে যোগ দেয়। বিমানটি তৈরি করেছে হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড (হ্যাল)। ৭ ফেব্রুয়ারি দুর্ঘটনার শিকার হওয়া ব্যাচের প্রায় ৩০টি সিঙ্গেল সিট তেজাস বিমানের সবকটিকে নিরাপত্তার কারণে বর্তমানে গ্রাউন্ড করা হয়েছে এবং পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এ দুর্ঘটনা তেজাসবহরের তৃতীয় বড় দুর্ঘটনা। এর আগে প্রথমটি হয়েছিল ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সালমিরের কাছে, যেখানে পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন। দ্বিতীয়টি ঘটে ২০২৫ সালের নভেম্বর, দুবাই এয়ার শো চলাকালে। সেই ঘটনায় একটি তেজাস বিধ্বস্ত হয়ে পাইলটের মৃত্যু হয়, এবং তদন্ত এখনও চলছে।

মতামত দিন