আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ১৮ জন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

নেপালের রাজধানী কাঠমান্ডুর অদূরে ত্রিশুলি নদীতে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১টার দিকে ধাদিং জেলার চিনাধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, পোখরা থেকে কাঠমান্ডুগামী বাসটি ধাদিংয়ের বেনিঘাট রোরাং গ্রামীণ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চরৌন্ডি সংলগ্ন চিনাধারা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এরপর সড়ক থেকে ছিটকে পড়ে ত্রিশুলি নদীতে। দুর্ঘটনার সময় বাসে ৩৫ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধাদিং জেলা ট্রাফিক পুলিশ অফিসের প্রধান শিশির থাপা। স্থানীয় সংবাদমাধ্যম The Kathmandu Post জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই বাসের ভেতর আটকা পড়েছিলেন, ফলে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা জোরদার করা হয়।

হাইওয়ে রেসকিউ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রাজকুমার ঠাকুরি বলেন, আহত ২৫ জনকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মধ্যরাতে দুর্ঘটনা ঘটায় এবং চারপাশে ঘন অন্ধকার থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। নেপাল সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

মতামত দিন