আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সিরিয়ায় নতুন করে সামরিক ও সশস্ত্র হামলার ঘোষণা দিয়েছে আইএস।

নিজেস্ব প্রতিবেদক:

সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নতুন করে সামরিক ও সশস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। সংগঠনটি দাবি করেছে, দেইর আল-জোর প্রদেশের মায়াদিন শহরে পিস্তল দিয়ে একজনকে হত্যা করা হয়েছে।

একই সঙ্গে রাক্কা শহরে মেশিনগান ব্যবহার করে দুইজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার রাতে এই হামলায় একজন সেনা ও একজন সাধারণ নাগরিক নিহত হন। নিহত সেনা ৪২তম ডিভিশনের সদস্য ছিলেন।

আইএস সম্প্রতি প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বের বিরুদ্ধে তাদের আক্রমণ বাড়িয়েছে। শারা আগে আল-কায়েদার সঙ্গে সংযুক্ত ছিলেন, কিন্তু ২০১৬ সালে এটি ছিন্ন করেন। পরবর্তীতে তিনি ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্ব নেন। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল আসাদের ক্ষমতা হারানোর পর শারা দেশের রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেন।

আইএসের এক মুখপাত্র শারার ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের প্রভাব থাকার অভিযোগ আনে এবং হুমকি দেয়, শারার শেষ অবস্থা আসাদের মতো হতে পারে।

গত নভেম্বরে শারা যুক্তরাষ্ট্র সফর করেন এবং আন্তর্জাতিক আইএসবিরোধী জোটে সিরিয়ার অংশগ্রহণ নিশ্চিত করেন। এর দুই দিন আগে দেইর আল-জোরে আরেক হামলায় একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নিহত হন এবং একজন আহত হন; সেই ঘটনার দায়িত্বও আইএস স্বীকার করেছে।

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, শারা ও তার দুই মন্ত্রীর ওপর পাঁচবার হত্যাচেষ্টা চালানো হয়েছে, তবে সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

মতামত দিন