আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা,১১ শিশুসহ ১৭জন নিহত।
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে পাকিস্তানের বিমান অভিযানে অন্তত ১৭ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে তালেবান প্রশাসন। নিহতদের মধ্যে ১১ জন শিশু রয়েছে বলে জানানো হয়েছে।
তালেবান কর্তৃপক্ষের বরাতে আনাদোলু এজেন্সি জানায়, শনিবার গভীর রাতে বেহসুদ জেলায় একটি কৃষকের বাড়িকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। উদ্ধারকারীরা এখনো ধ্বংসাবশেষ সরিয়ে মরদেহ অনুসন্ধান করছেন। আহত অন্তত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে দেশের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেছে এবং সময়মতো জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, নাঙ্গারহার ও পাকতিকা অঞ্চলে চালানো হামলায় নারী ও শিশুসহ বহু নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
অন্যদিকে পাকিস্তানি সূত্র বলছে, সাম্প্রতিক কয়েকটি আত্মঘাতী হামলার জেরে সীমান্তসংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। দেশটির গণমাধ্যমের দাবি, অভিযানে কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্যবস্তু ছিল এবং এতে আখতার মুহাম্মদ নামের এক তালেবান কমান্ডারসহ কয়েকজন নিহত হয়েছেন।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ভূখণ্ডে সংঘটিত হামলাগুলোর সঙ্গে আফগানভিত্তিক জঙ্গিদের সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। তবে কাবুল এসব অভিযোগ নাকচ করে বলেছে, বেসামরিক স্থাপনায় আঘাত হানা ইসলামাবাদের নিরাপত্তা ব্যর্থতার বহিঃপ্রকাশ।
এর আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক লেফটেন্যান্ট কর্নেল ও এক সৈন্য নিহত হওয়ার ঘটনার পর কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। তখনই জানানো হয়েছিল, সীমান্তপারের কোনো হামলা উপেক্ষা করা হবে না।
মতামত দিন