আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পূর্ব প্রশান্তে নৌযান লক্ষ্য করে মার্কিন অভিযান, তিনজন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

আন্তর্জাতিক জলসীমায় পূর্ব প্রশান্ত মহাসাগর এলাকায় পরিচালিত এক সামরিক অভিযানে একটি নৌযান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড। অভিযানে তিনজন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

নিহতরা মাদক পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে মার্কিন কর্তৃপক্ষ। খবরটি প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দক্ষিণ ও মধ্য আমেরিকা অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালনাকারী এই কমান্ড এক বিবৃতিতে জানায়, অভিযানে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা হয়েছে এবং ঘটনাস্থল দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের রুট হিসেবে পরিচিত। তবে নিহতদের বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে কোনো প্রকাশ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি।

সাম্প্রতিক এই ঘটনার পর পূর্ব প্রশান্ত ও ক্যারিবীয় সাগর অঞ্চলে মার্কিন অভিযানে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৮ জনে দাঁড়িয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত সেপ্টেম্বরের শুরু থেকে প্রায় চার ডজন অভিযানে এসব হতাহতের ঘটনা ঘটেছে।

লাতিন আমেরিকার কয়েকজন নেতা, আইনজ্ঞ ও মানবাধিকারকর্মী আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের সামরিক পদক্ষেপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, এ ধরনের হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল হতে পারে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, আউটবোর্ড ইঞ্জিনযুক্ত একটি নৌযান হামলার পর আগুনে জ্বলতে জ্বলতে সমুদ্রে ভেসে যাচ্ছে। ভিডিওটি সংশ্লিষ্ট সামরিক কর্তৃপক্ষ প্রকাশ করেছে বলে জানানো হয়।

জাতিসংঘের মানবাধিকার ও সন্ত্রাসবাদবিরোধী বিষয়ক বিশেষ প্রতিবেদক বেন সাউল এ বিষয়ে উদ্বেগ জানিয়ে বলেছেন, এ ধরনের ঘোষণা সমুদ্রে বেসামরিক প্রাণহানির আশঙ্কা সৃষ্টি করে। তিনি সংশ্লিষ্টদের আইনগত জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।

মতামত দিন