আফগানিস্তান ও পাকিস্তানে মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত।
এশিয়ার দুই দেশে প্রায় একই সময়ে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। একটিতে কম্পনের মাত্রা ছিল ৫.৮ এবং অন্যটিতে ৫.৯।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল রাজধানী কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পূর্বে। কম্পন বামিয়ান ও ওয়ারদাকসহ আশপাশের বিভিন্ন এলাকায়ও টের পাওয়া যায়।
একই দিনে সন্ধ্যায় পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের বিস্তীর্ণ এলাকায় ভূকম্পন অনুভূত হয়। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯। কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল এবং গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।
পাকিস্তানের শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলাতেও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

মতামত দিন