ভারত-পাকিস্তান গোলাগুলিতে পাকিস্তানের নিহত ৪০, ভারতের ৫।
জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসী হামলার জবাবে চালানো ‘অপারেশন সিঁদুর’-এ ভারতের পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ৭ থেকে ১০ মে পর্যন্ত চলা অভিযানে পাকিস্তানি বাহিনীর অন্তত ৩৫–৪০ সদস্য নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা।
ভারতের সেনাবাহিনী জানায়, পাকিস্তান-অধিকৃত কাশ্মিরের ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানার মাধ্যমে অভিযান শুরু হয়। পরে পাকিস্তান পাল্টা হামলা চালালে ভারী অস্ত্রে জবাব দেওয়া হয়।
শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও ভারত অভিযোগ করেছে, কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান তা ভেঙে হামলা চালায়। এর জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি।
গত ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিঁদুর’ চালায়। সেনাবাহিনী জানিয়েছে, পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে একাধিক সামরিক স্থাপনায় পাল্টা আঘাত হানা হয়েছে।
মতামত দিন