মিসরের পোর্ট সাইদে সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত,আহত ৩।
মিসরের উত্তর-পূর্বাঞ্চলের পোর্ট সাইদ প্রদেশ–এ ট্রাক ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাষ্ট্র পরিচালিত দৈনিক আল-আহরাম–এর বরাতে জানা যায়, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, দুটি ভারী পণ্যবাহী ট্রাকের মাঝখানে পড়ে পিকআপটি সম্পূর্ণ পিষ্ট হয়ে যায় এবং এর ধ্বংসাবশেষ সড়কজুড়ে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র জানায়, পিকআপটি উপকূলীয় এলাকায় মাছের খামারে কাজ করতে যাওয়া জেলেদের বহন করছিল।
মিসরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি জানান, প্রাদেশিক গভর্নরের মাধ্যমে ঘটনাটি তদারকি করা হচ্ছে।
মিসরে সড়ক দুর্ঘটনা নতুন নয়। দ্রুতগতি, সড়কের বেহাল অবস্থা এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগের কারণে প্রতিবছর হাজারো মানুষ প্রাণ হারান। গত বছরের জুনে ট্রাক ও মিনিবাসের সংঘর্ষে ১৯ জন নিহত হওয়ার ঘটনাও দেশজুড়ে আলোচিত হয়েছিল, যাদের অধিকাংশই ছিলেন কিশোরী।
মতামত দিন