ইতালিতে তিন বছরে ৫ লাখ শ্রমিক নেবে সরকার, প্রথম ধাপের ভিসা আবেদন শেষ।
ইউরোপের শ্রমবাজারে ঘাটতি পূরণে বড় পরিসরে বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা নিয়েছে ইতালি। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে মোট ৫ লাখ শ্রমিক নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সর্বশেষ ধাপে বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রায় ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জনের জন্য নির্ধারিত কোটার আবেদন গ্রহণ সম্পন্ন হয়। সংশ্লিষ্টদের মতে, কাগজপত্রের জটিলতা ও কঠোর শর্তের কারণে প্রত্যাশিত সংখ্যক আবেদন জমা পড়েনি। ফলে যোগ্য আবেদনকারীদের ভিসা পাওয়ার সম্ভাবনা এবার কিছুটা বেশি হতে পারে।
খাতভিত্তিক হিসেবে কৃষি ও পর্যটনের মতো মৌসুমি কাজে সবচেয়ে বেশি— ৮৮ হাজার শ্রমিক নেওয়ার সুযোগ রাখা হয়েছে। অন্যদিকে স্থায়ী বা নন-সিজনাল খাতে ৭৬ হাজার ২০০ জন এবং স্বনির্ভর কাজের জন্য ৬৫০ জনের কোটা নির্ধারিত হয়েছে।
গত ১২ জানুয়ারি থেকে ধাপে ধাপে আবেদন নেওয়া শুরু হয়েছিল। শেষ দিকে বিশেষ করে গৃহস্থালি বা ডমেস্টিক কাজের ভিসার আবেদন তুলনামূলক বেশি জমা পড়েছে বলে জানা গেছে।
বিশেষজ্ঞদের মতে, আবাসন সনদ ও রেসিডেন্সসংক্রান্ত জটিল শর্ত অনেক সম্ভাব্য আবেদনকারীকে পিছিয়ে দিয়েছে। তবে যারা নিয়ম মেনে আবেদন করতে পেরেছেন, তাদের সুযোগ আগের চেয়ে ভালো হতে পারে। একই সঙ্গে ভিসা সংক্রান্ত প্রতারণা ও দালালচক্রের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে আরও প্রায় ১ লাখ ৬৫ হাজার শ্রমিক নেওয়ার প্রস্তুতি হিসেবে আগাম আবেদন প্রক্রিয়াও শুরু হওয়ার কথা রয়েছে।

মতামত দিন