আল-আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।
ফিলিস্তিনের আল-আকসা মসজিদ-এর ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসিকে মসজিদের ভেতর থেকে গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েলি পুলিশ। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, এ ঘটনার পর পুরোনো শহর এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় সময় গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইমাম আল-আব্বাসিকে মসজিদের প্রাঙ্গণ থেকে আটক করা হয়। যদিও পুলিশ তার গ্রেপ্তারের নির্দিষ্ট কারণ প্রকাশ করেনি। ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে আল-আকসার ওপর ইসরায়েলি বিধিনিষেধ আরও কঠোর হয়েছে। মসজিদে প্রবেশ ও ইমাম ও মুসল্লিদের ওপর নজরদারি বেড়েছে। পাশাপাশি পুলিশের নিরাপত্তা বাহিনী এলাকায় বসতি স্থাপনকারীদের উপস্থিতিও বৃদ্ধি পেয়েছে।
পবিত্র রমজান মাস শুরুর আগে এই ধরনের পদক্ষেপ মুসলিমদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেছেন, নেতানিয়াহু প্রশাসন রমজান মাসে মুসল্লিদের আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, আল-আব্বাসির বিরুদ্ধে মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংগঠনটির দাবি, এটি আল-আকসার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। রমজানকে সামনে রেখে মসজিদে প্রয়োজনীয় লজিস্টিক প্রস্তুতিতেও বাধা দেওয়া হচ্ছে।
মতামত দিন