ইরান সাময়িকভাবে বন্ধ করলো হরমুজ প্রণালী, বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত।
বিশ্বের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, এই পদক্ষেপ নেওয়ার মূল কারণ হলো ‘লাইভ মহড়া’।
আইআরজিসি’র কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি জানিয়েছেন, মহড়া চলাকালীন সময়ে বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তিনি আরও বলেছেন, জলপথ পুনরায় চালু করা দেশের রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
হরমুজ প্রণালী আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় ২০ শতাংশ তেল ও তরল গ্যাস এই রুটের মাধ্যমে পরিবাহিত হয়।
তবে এই ঘোষণার রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় দ্বিতীয় দফার সংলাপ চলাকালীনই এই সামরিক মহড়া ঘোষণা করা হলো। এর আগে প্রথম দফার আলোচনা ওমানে (মাস্কাট) শেষ হয়েছে। মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন নৌবহরের উপস্থিতি চলমান থাকায়, বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই পদক্ষেপের ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি।
মতামত দিন