আল-আকসায় বিধিনিষেধের মধ্যেই তারাবি নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি।
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশসহ ফিলিস্তিন অঞ্চলে বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এর আগের রাতেই প্রথম তারাবি নামাজ আদায় করেন মুসল্লিরা।
তবে নামাজকে ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে ইসরায়েলি পুলিশ। বিশেষ করে তরুণ ফিলিস্তিনিদের প্রবেশে নানা বিধিনিষেধ আরোপের অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ চলাকালে মসজিদের ভেতর ও আশপাশের খোলা স্থান মুসল্লিতে পরিপূর্ণ ছিল।
এর আগে জেরুজালেম ও ফিলিস্তিনি ভূখণ্ডের গ্র্যান্ড মুফতি শেখ মুহাম্মদ হুসাইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে, ইসলামী নিয়ম অনুসারে চাঁদ দেখা যাওয়ায় ১৮ ফেব্রুয়ারি থেকেই হিজরি ১৪৪৭ সালের রমজান শুরু হয়েছে।
মানবাধিকার সংগঠন ইউরো-মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর জানিয়েছে, রমজানের আগে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে উপাসনাস্থলে প্রবেশসংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোর হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই জেরুজালেম এলাকায় আল-আকসায় প্রবেশে কয়েকশ ফিলিস্তিনির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এদিকে সাম্প্রতিক বছরগুলোতে চলমান সংঘাতের প্রভাবও পরিস্থিতিকে জটিল করেছে। বিশেষ করে গাজা উপত্যকায় সংঘর্ষ শুরুর পর থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন এলাকায় সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।
সব মিলিয়ে ধর্মীয় আবহের মধ্যেও রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা বিধিনিষেধের ছায়ায় এবার রমজান শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের বহু অঞ্চলে।
মতামত দিন