আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদির সড়কে দুর্ঘটনা, বাংলাদেশি একই পরিবারের চারজনসহ নিহত ৫।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরব-এর আবহা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একটি পরিবারের বাবা-মা ও দুই শিশু রয়েছে।

আহত অবস্থায় তাদের আরেক কন্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

নিহতরা হলেন মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), তাদের মেয়ে মোহনা (১৩) ও দেড় বছর বয়সী শিশু সুবাহ। একই দুর্ঘটনায় বাবর (৩০) নামের আরেক বাংলাদেশিও প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত ফাইজা আক্তার (১১) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সময় রোববার ভোররাতের দিকে দুর্ঘটনাটি ঘটে, যা বাংলাদেশ সময় অনুযায়ী রাতে জানা যায়। পরিবার সূত্রে জানা গেছে, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে আবহায় হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের শুরুতে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সেখানে যান।

স্বজনদের একজন জানান, প্রবাসী পরিচিতজনের মাধ্যমে প্রথম দুর্ঘটনার খবর পাওয়া যায় এবং পরে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এদিকে রামগঞ্জ থানা কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ দেশে আনার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নিলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

মতামত দিন