যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের হামলা বন্ধ হয়নি। রোববার (১৫ ফেব্রুয়ারি) নতুন হামলায় অন্তত নয়জন ফিলিস্তিনি নিহত হন।
খান ইউনিসে দক্ষিণ গাজার হামলায় পাঁচজন প্রাণ হারান। পাশাপাশি উত্তর গাজার আল-ফালুজা অঞ্চলে একটি তাঁবুতে হামলায় আরও চারজন মারা যান। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল সশস্ত্র ব্যক্তি, কিন্তু এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতির পর ইসরায়েল ১,৫০০-এর বেশি নিয়ম ভঙ্গ করেছে। এ পর্যন্ত প্রায় ৫৯১ জন নিহত হয়েছে। খাদ্য ও ওষুধের তীব্র সংকটের মধ্যে প্রায় ২০ লাখ মানুষ চরম মানবেতর জীবন যাপন করছেন। বাস্তুচ্যুত হয়ে ১৫ লাখ মানুষ তাঁবুতে দিন কাটাচ্ছেন।
জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধবিরতির পর ১০৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে নারী ও শিশু অন্তর্ভুক্ত। ২০২৩ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে গাজার ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। গাজা পুনর্গঠনের জন্য প্রায় ৭০ বিলিয়ন ডলারের প্রয়োজন হতে পারে।
সূত্র: আল জাজিরা

মতামত দিন