হজযাত্রায় এখন পর্যন্ত সৌদিতে পৌঁছেছেন ৩৬ হাজারের বেশি, মারা গেছেন ৪ বাংলাদেশি।
চলতি হজ মৌসুমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৩৬ হাজার ১৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অফিস, ঢাকা জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৯টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদিতে পৌঁছান।
হজ অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত গেছেন ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩১ হাজার ৪৪৯ জন। চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য ৮২ হাজার ২২৮টি ভিসা ইস্যু করা হয়েছে।
ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৬টি ফ্লাইট পরিচালনা করেছে।
এ পর্যন্ত হজযাত্রা করতে গিয়ে মারা গেছেন ৪ জন বাংলাদেশি। তাদের মধ্যে রয়েছেন রাজবাড়ীর পাংশার মো. খলিলুর রহমান (৭০), কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), পঞ্চগড় সদর উপজেলার আল হামিদা বানু (৫৪), এবং ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর (৬০)। তাদের মধ্যে শাহজাহান কবীর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২০২৫ সালের হজ কার্যক্রম শুরু হয় ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট দিয়ে, যেখানে ৩৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন হজযাত্রী। হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি অনুমোদিত হজ এজেন্সি।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট যাবে ১০ জুলাইয়ের মধ্যে।

মতামত দিন