আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নৌযান লক্ষ্য করে পূর্ব প্রশান্তে মার্কিন হামলা, নিহত ২।

নিজেস্ব প্রতিবেদক:

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌকাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার সময় একজন ব্যক্তি বেঁচে যাওয়ায় তাকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে তাদের দায়িত্বাধীন এলাকায় সোমবার ওই অভিযান চালানো হয়। তাদের ভাষ্য অনুযায়ী, নৌযানটি মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছিল, তবে এ দাবির পক্ষে নির্দিষ্ট কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি।

মার্কিন সামরিক কর্তৃপক্ষের দেওয়া তথ্যে বলা হয়েছে, হামলায় দুজন নিহত হয়েছেন এবং একজন জীবিত অবস্থায় পানিতে ছিলেন। তাকে উদ্ধারের লক্ষ্যে দ্রুত অনুসন্ধান কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়।

ঘটনার একটি সংক্ষিপ্ত ভিডিওও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় ছোট মোটরচালিত নৌযানটিতে আঘাত হানার পরপরই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর নৌযানটির কিছু অংশ অক্ষত থাকলেও সেটির গতি কমে যেতে দেখা যায়।

সম্প্রতি একই এলাকায় আরেকটি অভিযানে প্রাণহানির ঘটনা ঘটে। পর্যবেক্ষকদের মতে, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে জানুয়ারির শুরুর দিকে একটি বিতর্কিত অভিযানের পর সমুদ্রপথে মার্কিন সামরিক তৎপরতা বেড়েছে। এখন পর্যন্ত কয়েকটি নৌযানকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে।

গণমাধ্যম ও বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে নৌযান সংশ্লিষ্ট হামলার সংখ্যা কয়েক ডজন ছাড়িয়েছে এবং এসব ঘটনায় মোট নিহতের সংখ্যা শতাধিক বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন