লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে দুই শিশুসহ ৫৩ অভিবাসী নিখোঁজ।
লিবিয়ার উত্তর-পশ্চিম উপকূলে একটি রাবারের নৌকা ডুবে অন্তত ৫৩ অভিবাসী নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) সোমবার (৯ ফেব্রুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে।
আইওএম জানায়, নৌকাটিতে ৫৫ জন আরোহী ছিলেন। তারা ৬ ফেব্রুয়ারি আল-জাওইয়া এলাকা থেকে যাত্রা শুরু করে, কিন্তু ছয় ঘণ্টার মধ্যে সাগরে ডুবে যায়। দুর্ঘটনার পর মাত্র দুই জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের তীরে পৌঁছে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে।
জীবিতদের বরাত দিয়ে আইওএম জানিয়েছে, নৌকায় বিভিন্ন আফ্রিকান দেশের শরণার্থী ও অভিবাসীরা ছিলেন। এই নৌকাডুবির ফলে চলতি বছরে সেন্ট্রাল মেডিটেরানিয়ান রুটে মৃত বা নিখোঁজ অভিবাসীর সংখ্যা কমপক্ষে ৪৮৪ জনে পৌঁছেছে। শুধুমাত্র জানুয়ারি মাসেই অদৃশ্য নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ জন মারা গেছে বা নিখোঁজ হয়েছে।
আইওএম সতর্ক করে জানিয়েছে, ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনক সমুদ্রপথে যাওয়া অভিবাসীরা এখনও মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন। এসব দুর্ঘটনা প্রমাণ করে যে, নিরাপত্তাহীনতার কারণে এই যাত্রা প্রতিনিয়ত প্রাণহানির সম্ভাবনা বাড়াচ্ছে।

মতামত দিন